হাকীমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির পর আমার ধারণামতে এ উপমহাদেশের সাধারণ মানুষের উপযোগী সর্বাধিক কিতাব রচনা করেছেন, হযরত মাওলানা আশেক ইলাহী বুলন্দশহরী মুহাজিরে মাদানী রহমাতুল্লাহি আলাইহি।
তিনি হিন্দুস্তানে থাকাকালীন দীর্ঘদিন অবর্ণনীয় কষ্ট করে দেশের প্রত্যন্ত অঞ্চল সফর করেছেন। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সাথে মিলে-মিশে তাদেরকে দ্বীন ও ঈমান সম্পর্কে সচেতন করেছেন। হেদায়েতের মতো সর্বশ্রেষ্ঠ নি‘আমত সম্পর্কে আল্লাহর বান্দাদের জাগ্রত করার চেষ্টা করেছেন। আল্লাহ তা‘আলার সাথে প্রায় সম্পর্কহীন বান্দাদেরকে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী করেছেন। ঈমান-ইসলামের নি‘আমতের কদর করার শিক্ষা দিয়েছেন। এ কাজ তিনি একদিকে বয়ান-বক্তৃতার মাধ্যমে যেমন করেছেন। অপরদিকে সাধারণ ও বিশেষ নির্বেশেষে সকল মুসলমানের জন্য অতি প্রয়োজনীয় প্রচুর দ্বীনী কিতাব-পত্রও রচনা করেছেন। সাথে সাথে সমসাময়িক জরুরী বিষয়ে পত্র-পত্রিকায় প্রবন্ধ-নিবন্ধও লিখেছেন অনেক। সে সকল প্রবন্ধ-নিবন্ধ থেকে অতি প্রয়োজনীয় কিছু নির্বাচিত লেখা পুস্তকাকারে “ইসলাহী মাকালাত” নামে ইদারায়ে তালিফাতে আশরাফিয়া, মুলতান, পাকিস্তান থেকে প্রকাশিত হয়ে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে।
আমাদের বর্তমান আয়োজন “মুমিনের আদর্শ জীবন-পথ ও পন্থা” এরই বাংলা অনুবাদ। এ কিতাবের উল্লেখযোগ্য শিরোনাম- ইখলাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা; আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার গুরুত্ব; তাওবার বিধান ও পদ্ধতি; কুরআন মাজীদের মুজিযা; আল্লাহর যিকিরের ফযীলত; দরূদ ও সালাম; একজন মুসলমান কীভাবে জীবন কাটাবে; আমরা পরস্পরে কীভাবে মিলেমিশে থাকব?; ঈমান ও ইয়াকীনের দাবি এবং জীবনের মূল্য; হাদীস শরীফের আলোকে দাড়ির শরয়ী বিধান এবং দাড়ি মুণ্ডনকারীদের বিভিন্ন খোঁড়াযুক্তির খণ্ডন ও নির্বাচিত মাসনূন দোয়া।
দ্বীন-ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ ও তা নিজ জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে এ কিতাব খুবই উপকারী হবে, ইনশাআল্লাহ।